গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসের সশস্ত্র শাখার কমান্ডার ইজ্জ আল-দীন আল-বেইক ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে গাজা সিটির নাসর এলাকার একটি আবাসিক ভবনে চালানো হামলায় তিনি নিহত হন। ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। হামাসও তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক যৌথ বিবৃতিতে আল-বেইক নিহত হওয়ার কথা জানান। তাদের দাবি, তিনি হামলা পরিকল্পনা এবং যোদ্ধা নিয়োগের সঙ্গে জড়িত ছিলেন। অন্যদিকে হামাস জানিয়েছে, আল-বেইক উত্তর গাজার কাসাম ব্রিগেডের কমান্ডার ছিলেন।
চিকিৎসক ও হামাসের সূত্র জানিয়েছে, নাসর এলাকার আবাসিক ভবনে চালানো ওই হামলায় আল-বেইক নিহত হন। হামলায় আহত আরও একজন পরে মারা যান বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
আহমেদ আল-গানদুর নিহত হওয়ার পর আল-বেইক উত্তর গাজার কাসাম ব্রিগেডের নেতৃত্ব নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় হামাসকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা বেড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, চলতি মাসে তারা হামাসের অন্তত ২০ জন সদস্যকে হত্যা করেছে। তাদের মধ্যে কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার ছিলেন বলেও দাবি করেছে ইসরায়েল।
এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকার অভিযোগ রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, যুদ্ধবিরতি শুরুর পরও ইসরায়েলি হামলায় ১ হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে ইসরায়েলি সামরিক বাহিনী চার সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে।