শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আল-আমিন ঢালী নামে ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিকেনগর ইউনিয়নের মাদ্রাসা গেট এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে এ মিছিল হয়। এরই মধ্যে মিছিলের ৪৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে জাজিরা বিকেনগর কলেজ ছাত্রলীগের সভাপতি সুমন মাদবরকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। স্থানীয় সূত্রের দাবি, মিছিলে অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়।
মিছিলের ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের ছবি দেখা যায়।
স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও জাজিরার বিভিন্ন এলাকায় সংগঠনটির নেতাকর্মীদের প্রকাশ্যে মিছিল করতে দেখা গেছে। এসব কর্মসূচির ছবি ও ভিডিও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের ভাষ্য, গত এক সপ্তাহে জাজিরা উপজেলার প্রায় সব ইউনিয়নের বিভিন্ন এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ বলেন, বিকেনগর এলাকায় নিষিদ্ধ সংগঠনের মিছিল চলাকালে আল-আমিন ঢালী নামে ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।