যোগফল প্রতিবেদক:
ফারাক্কা চুক্তি নবায়নের ক্ষেত্রে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পথ অনুসরণ করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (৩ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার ডাকবাংলোয় মহানন্দা নদী এলাকায় নোঙর রিভার ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন ও নদী এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ফারাক্কা চুক্তিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ৩০ বছর মেয়াদি এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন করে চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে কারিগরি কমিটি কাজ করছে।
আন্তঃসীমান্ত নদীর পানির হিস্যা প্রসঙ্গে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি এবং মিয়ানমারের সঙ্গে তিনটি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এসব নদীতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি আন্তঃসীমান্ত নদীগুলোতে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।
জানা গেছে, নোঙর বাংলাদেশের এ কার্যক্রম পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন এলাকা ঘুরে কার্যক্রমটি টেকনাফে গিয়ে শেষ হবে।
অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আকাশ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য দিন মোহাম্মদ খান, সালাউদ্দীন প্রধান, নাসির খান মিন্টুসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম