যোগফল প্রতিবেদক:
শরীয়তপুরের জাজিরা থানায় পুলিশ ক্লিয়ারেন্সের ভেরিফিকেশন করতে গিয়ে টাকা দাবির অভিযোগ ওঠা সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজিম আহম্মেদকে ক্লোজড করা হয়েছে। তাকে জাজিরা থানা থেকে প্রত্যাহার করে শরীয়তপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান।
জানা গেছে, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অনলাইনে আবেদন করেন জাজিরার বাসিন্দা মো. রবিন মাদবর। তার আবেদনের তদন্তের দায়িত্ব পান এএসআই নাজিম আহম্মেদ। পরে তিনি মোবাইল ফোনে রবিনকে থানায় যেতে বলেন।
থানায় যাওয়ার পর রবিন ও এএসআই নাজিমের কথোপকথনের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। সেখানে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য টাকা দাবি করার অভিযোগ ওঠে। অডিওতে রবিনকে টাকার পরিমাণ কমানোর অনুরোধ করতে শোনা যায়। তিনি নিজেকে রাজমিস্ত্রি হিসেবে পরিচয় দিয়ে দুই হাজার টাকা দেওয়া সম্ভব নয় বলে জানান। পরে এএসআই নাজিম এক হাজার টাকা দাবি করেন বলে অডিওতে শোনা যায়।
রবিন দাবি করেন, তিনি ৫০০ টাকায় পুলিশ ক্লিয়ারেন্স হওয়ার কথা শুনেছেন। এ সময় এএসআই নাজিমের সঙ্গে তার কথোপকথন হয়। অডিওর একপর্যায়ে রবিনকে বলতে শোনা যায়, ‘স্যার, আপনার ফাইলের নিচে টাকা রাখলাম।’
তবে টাকা দাবির অভিযোগ অস্বীকার করেছেন এএসআই নাজিম আহম্মেদ। তিনি বলেন, রবিনের বাবার ভোটার আইডি কার্ড ও বিদ্যুৎ বিলের কাগজ ছিল না। সেগুলো দিয়ে যেতে বলেছিলেন। পরে রবিন কাগজপত্র দিয়ে গেছেন। টাকা চাওয়া বা ফাইলের নিচে টাকা রাখার মতো কোনো ঘটনা ঘটেনি।
অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান বলেন, এএসআই নাজিম আহম্মেদকে জাজিরা থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় অনুসন্ধান শুরু হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম