মনজুরুল ইসলাম । বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন নগর গড়ার লক্ষ্যে ৩ (তিন) মাসব্যাপী মশকমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে বেলকুচি পৌরসভার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে পরিচালিত হবে।
“নিজ সীমানা পরিষ্কার করি, ডেঙ্গু মুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলকুচি পৌরসভা এলাকা জুড়ে ব্যাপক সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিটি বেলকুচি পৌরসভার প্রশাসকের প্রত্যক্ষ ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার প্রতিনিধি, পরিচ্ছন্নতাকর্মী এবং স্বেচ্ছাসেবীদের উপস্থিত থাকতে দেখা যায়। স্বেচ্ছাসেবী সংগঠন 'বিডি ক্লিন' (BD Clean)-এর সদস্যরাও এ পরিচ্ছন্নতা অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ নাগরিকদেরও সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি মুক্ত রাখার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।
৩ মাসব্যাপী এ অভিযানের মাধ্যমে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নালা-নর্দমা পরিষ্কার, ওষুধ ছিটানো এবং বর্জ্য ব্যবস্থাপনাকে আরও জোরদার করা হবে।