যোগফল প্রতিবেদক:
দেশে হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে।
শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৫৩ জন রোগী ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৪৪ জন, রাজশাহীতে ২৪ জন, সিলেটে ১৫৮ জন, চট্টগ্রামে ২২৪ জন, বরিশালে ১৩৮ জন, ময়মনসিংহে ৪৯ জন, খুলনায় ৭৩ জন এবং রংপুরে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জনে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬৬৬ জন।
এ ছাড়া মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম