যোগফল প্রতিবেদক:
সেনাবাহিনীর নিরাপত্তায় ইউরেনিয়ামের বিশেষ চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে ইউরেনিয়াম বহনকারী তিনটি লরির বহরটি বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে।
জানা গেছে, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ইউরেনিয়াম বহনকারী তিনটি লরি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে রাশিয়া থেকে একটি বিশেষ কার্গো বিমানে করে ইউরেনিয়ামের চালান বাংলাদেশে আনা হয়।
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে প্রায় ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত হচ্ছে।
দুটি ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর নিয়ে গঠিত এই বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট পূর্ণ সক্ষমতায় উৎপাদনে গেলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এর মাধ্যমে দেশের বিদ্যুৎ চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ পূরণ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম