খুলনার দাকোপে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. শফিকুল ইসলাম ওরফে আক্কেল আলীকে (৫৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শফিকুল ইসলাম চালনা পৌরসভার আনন্দনগর গ্রামের মৃত হাসেম আলী শেখের ছেলে। তিনি চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার সময় পানখালী মমতাজ বেগম স্কুলসংলগ্ন সড়কের পাশে স্থানীয় বিএনপি ও দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বিএনপির পক্ষ থেকে মামলা করা হয়।
দাকোপ থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা প্রসেনজিৎ ব্যানার্জী জানান, ওই হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করে শফিকুল ইসলামের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ২৬ নভেম্বর দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।