যোগফল প্রতিবেদক:
গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
শনিবার (৩ অক্টোবর) বেলা ৩টার দিকে কারখানার আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় কারখানার আশপাশ আচ্ছন্ন হয়ে পড়লে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে প্রথমে জয়দেবপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে কোনাবাড়ী স্টেশন থেকে একটি, গাজীপুর ফায়ার স্টেশন থেকে তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. হিরন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের ব্যাপ্তি বেশি হওয়ায় পার্শ্ববর্তী স্টেশনগুলো থেকে আরও ইউনিট আনা হয়েছে। বর্তমানে মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না, তাও পরে নিশ্চিত হওয়া যাবে।