রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগে ৫৩ জন, ওয়ারীতে ৫৪ জন, মতিঝিলে ৫৫ জন, তেজগাঁওয়ে ৮৯ জন, মিরপুরে ৮২ জন, গুলশানে ৩৫ জন, উত্তরা বিভাগে ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগে ৩ জন রয়েছেন।
অভিযানকালে ৫৪ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ৫২৪ পিস ইয়াবা, ১ দশমিক ৫ গ্রাম হেরোইন ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।