মুম্বাইয়ের ফিল্ম সিটিতে পরিচালক নিতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এর শুটিং সেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে সাময়িকভাবে শুটিং ব্যাহত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টা ২ মিনিটের দিকে গোড়েগাঁও ইস্টের ফিল্ম সিটিতে একটি অস্থায়ী শুটিং সেটে আগুন লাগে। আগুনের ধোঁয়া আশপাশে ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে ফায়ার ব্রিগেড, স্থানীয় পুলিশ, বিএমসি ওয়ার্ড কন্ট্রোল এবং ১০৮ অ্যাম্বুলেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে বিকেল ৪টা ৫৫ মিনিটের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।
মুম্বাই ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী, ঘটনাটি লেভেল-১-এর আগুন হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ১০০ ফুট বাই ২০ ফুটের একটি অস্থায়ী কাঠামোর ভেতরে থাকা পিসিআর ইউনিটে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক তার ও ফিটিংস, কাঠের পাটাতন, দরজা, বাঁশের কাঠামো, প্লাস্টিক সামগ্রী, এয়ার কন্ডিশনিং ইউনিট, সাউন্ড সিস্টেম ও শুটিং সরঞ্জামে আগুন ছড়িয়ে পড়ে।
‘রামায়ণ’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর ও সাই পল্লবী। ফিল্ম সিটির ওই এলাকায় সিনেমাটির শুটিংয়ের জন্য সেটটি ব্যবহার করা হচ্ছিল। আগুনের ধোঁয়া ও নিরাপত্তাজনিত কারণে পাশের কয়েকটি শুটিংও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এর মধ্যে ছিল এমটিভির ‘হাসল ৫’ এবং ‘পতি পত্নী অউর পাঙ্গা ২’-এর সেট।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের সূত্রপাত ‘পতি পত্নী অউর পাঙ্গা ২’-এর সেটে হয়ে থাকতে পারে। পরে তা আশপাশের শুটিং এলাকায় ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনে কাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে আনুষ্ঠানিক মূল্যায়ন চলছিল।
এর আগে মুম্বাইয়ে ‘রামায়ণ’কে ঘিরে একটি প্রচারমূলক অনুষ্ঠানে আন্তর্জাতিক কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্টের উপস্থিতির কিছুক্ষণ পরই এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে রণবীর কাপুর, সাই পল্লবী, প্রযোজক নামিত মালহোত্রা, অভিনেতা রবি দুবে ও পরিচালক নিতেশ তিওয়ারিও উপস্থিত ছিলেন।
বড় পরিসরে নির্মিত ‘রামায়ণ’কে ভারতীয় সিনেমার অন্যতম বহুল প্রতীক্ষিত বহুখণ্ডের প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। সিনেমাটির প্রথম পর্ব ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে মুক্তির পরিকল্পনা রয়েছে।