যোগফল প্রতিবেদক:
খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ফজলুর রহমান (৫০) নামে এক সিআইডি ইনস্পেক্টর নিহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে ল্যাটেক্স কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুর রহমান যশোরের অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট এলাকার আবু তালেব খানের ছেলে। তার মেয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়ের সঙ্গে দেখা করতে সোমবার দুপুরে মোটরসাইকেলে করে বাড়ি থেকে খুলনায় আসেন ফজলুর রহমান। সন্ধ্যার দিকে তিনি মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন। গ্যারিসন মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়।
এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ট্রাকের চাপায় গুরুতর আহত সিআইডি কর্মকর্তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে কিছুক্ষণ পর তিনি মারা যান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম