২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’—এই চারটি নতুন বই যুক্ত হবে।
তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, কারিগরি দক্ষতা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে ছোটবেলা থেকেই সম্পৃক্ত করা প্রয়োজন। এ লক্ষ্যেই ২০২৭ সাল থেকে শিক্ষা কার্যক্রমে এ চারটি নতুন বিষয় যুক্ত করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, ২০২৮ সাল থেকে শিক্ষাক্রমের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ও পরিমার্জন আনা হবে। শিক্ষার্থীদের চাহিদা ও সময়ের প্রয়োজন বিবেচনায় পাঠ্যক্রমে আরও নতুন বই সংযোজনের বিষয়টিও বিবেচনা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে গ্যাস ও জ্বালানি তেলের দাম বেড়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে প্রতিবেশী ও আশপাশের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম এখনো তুলনামূলকভাবে কম।
তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ জ্বালানি তেলে বেশি ভর্তুকি দিয়ে দাম সহনীয় রাখার চেষ্টা করছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মাহ্দী আমিন আরও বলেন, বর্তমান সংকট কোনো একক দেশের নয়, এটি বৈশ্বিক সংকট। জনগণের ওপর যাতে কম চাপ পড়ে, সে বিষয়টি বিবেচনায় রেখে যৌক্তিক উপায়ে পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
এ সময় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম