রাঙামাটির কাপ্তাইয়ে হাছিনা বেগম ওরফে সুমিকে হত্যার দায়ে মো. মাহিবুর কামাল ওরফে মাহিবুল্লাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাঙামাটি পার্বত্য জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন। মামলার একমাত্র আসামি মাহিবুর কামাল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১১ মার্চ কাপ্তাইয়ের বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত বাথরুমে হাছিনা বেগম ওরফে সুমিকে হত্যা করা হয়। পরে তার মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে মাথায় আঘাতের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়।
রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তি তুলে ধরে জানায়, সাক্ষীদের জবানবন্দি, তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। হত্যার পর মরদেহ গোপন ও আলামত নষ্টেরও চেষ্টা করেন আসামি।
সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে আদালত আসামিকে দণ্ডবিধির ৩০২ ও ২০১ ধারায় দোষী সাব্যস্ত করেন। পরে তাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রায়ের বিরুদ্ধে সাত দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করার সুযোগ রয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম