মনজুরুল ইসলাম | সিরাজগঞ্জ প্রতিনিধি:
বেলকুচি পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আসন্ন বেলকুচি পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বেলকুচি উপজেলা রাজপথের অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল।
বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও আহ্বায়কের দায়িত্ব পালন করা এই নেতা দীর্ঘ দিন ধরে সততা, স্বচ্ছতা ও আদর্শের রাজনীতি বজায় রেখে তৃণমূলের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। বেলকুচির উপজেলা রাজনীতিতে তিনি একজন কর্মীবান্ধব ও দক্ষ পথপ্রদর্শক হিসেবে সুপরিচিত।
এলাকাবাসীর মতে, আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। দলের কঠিন সময়ে শক্ত হাতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি এলাকার সামাজিক ও ধর্মীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন। বেলকুচি পৌরসভার অবহেলিত রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সেবার আধুনিকায়নে একজন সৎ ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজনীয়তা থেকেই স্থানীয় জনগণ ও কর্মীরা তাকে মেয়র হিসেবে দেখতে চান।
আসন্ন নির্বাচন ও নিজের প্রার্থিতা নিয়ে আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, "আমি ব্যক্তি স্বার্থে নয়, বেলকুচি পৌরবাসীর অধিকার প্রতিষ্ঠা ও সেবা করার জন্য রাজনীতি করি। পৌরবাসী আমাকে সবসময় আস্থার জায়গায় রেখেছেন। আমি বেলকুচি পৌরসভাকে একটি চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন ও তিলোত্তমা পৌরসভায় রূপান্তর করতে চাই। দল ও বেলকুচির সর্বস্তরের জনগণের ভালোবাসা এবং দোয়াই আমার মূল শক্তি।"
মেয়র পদে তার এই লড়াইকে ঘিরে বেলকুচি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূলের নেতাকর্মী ও স্থানীয়রা আশা প্রকাশ করছেন, আব্দুর রাজ্জাক মন্ডলের যোগ্য নেতৃত্বে বেলকুচি পৌরসভা এক নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাবে।
যোগফল | অনলাইন | নিউজ ডেস্ক