মাদারীপুরে ইটভাঙা মেশিন বহনকারী গাড়ির নিচে চাপা পড়ে আরিয়ান নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নয়াচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিয়ান নয়াচর এলাকার আরমান খাঁর ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানান, চরমুগরিয়া থেকে একটি ইটভাঙার মেশিন নিয়ে কয়েকজন শ্রমিক গুচ্ছগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে নয়াচর এলাকায় রাস্তা পার হওয়ার সময় শিশুটিকে চাপা দেয় মেশিন বহনকারী গাড়িটি।
গুরুতর আহত অবস্থায় আরিয়ানকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তুলি আক্তার/অনলাইন ডেস্ক /যোগফল. কম