বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ আগামী শনিবার যুক্তরাজ্য থেকে দেশে আনা হবে। শুক্রবার (৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডন থেকে তার মরদেহবাহী কফিন ঢাকার উদ্দেশে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্লাইটটি শনিবার সকালে দেশে পৌঁছাবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য লন্ডনের ব্রিক লেইন জামে মসজিদ প্রাঙ্গণে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ রাখা হবে। জোহরের নামাজের পর সেখানেই তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
তৌফিক ইমরোজ খালিদী ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কাজ করেছেন। তার সাবেক সহকর্মী এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা ব্রিক লেইন জামে মসজিদে অনুষ্ঠিত জানাজায় অংশ নেবেন।
মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা ও দাফনের বিস্তারিত কর্মসূচি জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল. কম