সাঁথিয়া হাসপাতালে ডোপ টেস্টের কিট প্রদান করা হলো। এখন থেকে প্রয়োজনীয় ক্ষেত্রে এই কিটের মাধ্যমে মাদক সেবকদের শনাক্ত করার সুযোগ তৈরি হলো। এতদিন পাবনা থেকে ডোপ টেস্টের মাধ্যমে মাদক সেবীদের সনাক্তকরণ করা হতো।
পাবনার সাঁথিয়া উপজেলায় মাদক নির্মূলের লক্ষে উপজেলা প্রশাসনের অর্থায়নে হাসপাতালে ডোপ টেস্টের এ কিট প্রদান করা হয়। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ এর সভাপতিত্বে কিট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আল হাসান আসিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল বাতেন, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম, সেক্রেটারী সিরাজুল ইসলাম মল্লিক, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মেহেদী হাসান, সাঁথিয়া প্রেস ক্লাবেন সেক্রেটারী ফারুক হোসেন,পৌর ছাত্রদলের আহবায়ক জীবন আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করে না, এটি একটি পরিবারকে বিপর্যস্ত করে, সমাজে অপরাধ ও অস্থিরতা বাড়ায় এবং আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে।
আরো বলেন,যারা মাদকের শিকার তাদের শুধু অপরাধী হিসেবে না দেখে, প্রয়োজন অনুযায়ী চিকিৎসা, কাউন্সেলিং ও পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করতে হবে। কাউকে শুধু সন্দেহের ভিত্তিতে অপরাধী হিসেবে চিহ্নিত না করে যথাযথ পরীক্ষা, প্রমাণ, গোপনীয়তা ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। পরীক্ষার ফলাফল ও পরবর্তী ব্যবস্থা যেন প্রচলিত আইন ও চিকিৎসা-নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
আমাদের উপজেলায় এমন একটি পরিবেশ তৈরি হোক যেখানে মাদক ব্যবসায়ীরা আইনের আওতায় আসবে, মাদকসেবীরা প্রয়োজনে চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ পাবে এবং আমাদের তরুণ প্রজন্ম মাদকের পরিবর্তে শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলা ও সৃজনশীলতার পথে এগিয়ে যাবে।
পরিশেষে উপজেলা প্রশাসনের অর্থায়নে ৩ শতাধিক কিট সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:আব্দুল বাতেনের হাতে তুলে দেয়া হয়।।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম