যোগফল প্রতিবেদক:
উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ করা ‘পরিদর্শন কক্ষ’ অন্য কারও ব্যবহারের জন্য না দিতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এসব কক্ষ শুধুমাত্র সংসদ সদস্যদের জন্য সংরক্ষণ এবং যথাযথভাবে ব্যবস্থাপনার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসকদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৫ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট সংসদ সদস্য উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং উপজেলা পরিষদ তার উপদেশ গ্রহণ করবে।
চিঠিতে আরও বলা হয়, সংসদ সদস্যদের উপজেলা পরিষদ-সংক্রান্ত উপদেশমূলক কার্যক্রম পরিচালনা ও তদারকির সুবিধার্থে উপজেলা পরিষদে তাদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ নির্মাণ ও বরাদ্দ করা হয়েছে।
এ অবস্থায় সংসদ সদস্যদের অনুকূলে বরাদ্দ করা এসব পরিদর্শন কক্ষ শুধুমাত্র তাদের জন্য সংরক্ষণ করে যথাযথভাবে ব্যবস্থাপনার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের চিঠিতে আরও উল্লেখ করা হয়, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ পরবর্তীতে ২০০৯ ও ২০২৬ সালে সংশোধন করা হয়েছে।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম