শাকুর মাহমুদ চৌধুরী, কক্সবাজার:
কক্সবাজার উপকূলে কয়েক দিন ধরে জেলেদের জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ছে। তবে সরবরাহ বাড়লেও বাজারে এর প্রভাব পড়েনি। বরং বড় ও মাঝারি আকারের ইলিশের দাম এখনো চড়া।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কক্সবাজার শহরের নুনিয়াছটা ফিশারিঘাটে গিয়ে দেখা যায়, গভীর সাগর থেকে ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছ নিয়ে অন্তত ৪৫টি ট্রলার ঘাটে এসেছে। একটি ট্রলারে ২ হাজার ৪০০টি ইলিশ ধরা পড়ে। পরে ব্যবসায়ীরা মাছগুলো ৪৪ লাখ টাকায় কিনে নেন।
ফিশারিঘাটে এক কেজির বেশি ওজনের ইলিশ পাইকারিতে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা, ৮০০–৯০০ গ্রামের ইলিশ ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা এবং ৩৫০–৪০০ গ্রামের ইলিশ ৭৫০ থেকে ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, দেশের অন্যান্য উপকূলে ইলিশের সরবরাহ তুলনামূলক কম থাকায় কক্সবাজারের ইলিশের চাহিদা বেশি। ফলে সরবরাহ বাড়লেও দাম কমছে না। কক্সবাজার থেকে ধরা ইলিশের প্রায় ৯০ শতাংশই ঢাকার বাজারে পাঠানো হচ্ছে।
এদিকে আগামী ৮ অক্টোবর থেকে ইলিশ আহরণে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। ফলে নিষেধাজ্ঞার আগে জালে বিপুল ইলিশ ধরা পড়লেও তা নিয়ে জেলেদের মধ্যে স্বস্তির বদলে রয়েছে হতাশা। দীর্ঘদিন সাগরে মাছ না পাওয়ায় অনেক জেলে ও ট্রলার মালিক ইতোমধ্যে আর্থিক সংকটে পড়েছেন।
জেলেদের দাবি, নিষেধাজ্ঞার সময় বিদেশি জাহাজ যাতে অবৈধভাবে ইলিশ আহরণ করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন।
যোগফল | অনলাইন | নিউজ ডেস্ক