বাগেরহাটের রামপাল উপজেলা ভূমি অফিসে নামজারি সেবায় ঘুষ-বাণিজ্যের অভিযোগ উঠেছে। সেবাপ্রত্যাশীদের অভিযোগ, দালালচক্রের মাধ্যমে বিভিন্ন শ্রেণির নামজারি আবেদনে সরকারি নিয়মের বাইরে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। এতে ভোগান্তির পাশাপাশি সেবাগ্রহীতাদের গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ।
সম্প্রতি নামজারি কেসের প্রতিবেদন দেওয়ার বিনিময়ে এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ভিডিওতে রামপাল উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. আবুল বশারের টাকা নেওয়ার দৃশ্য রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তীর নজরে এলে গত ৬ আগস্ট আবুল বশারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়, দাপ্তরিক দায়িত্ব পালনকালে নিজ অফিসকক্ষে বসে নামজারি মামলার প্রতিবেদন দেওয়ার বিনিময়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে নগদ অর্থ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত ৩ মিনিট ৫৬ সেকেন্ড এবং ৫ মিনিট ২২ সেকেন্ডের দুটি ভিডিওর তথ্যও সংশ্লিষ্ট দপ্তর পেয়েছে।
নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় সরকারি সেবা দেওয়ার বিনিময়ে উৎকোচ গ্রহণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে আবুল বশারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।
পরে গত ১২ আগস্ট প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য-প্রমাণসহ বাগেরহাট জেলা প্রশাসক বরাবর চিঠি পাঠানো হয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে গত ৮ সেপ্টেম্বর বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন অভিযুক্ত কানুনগোর বিরুদ্ধে মামলা করার জন্য খুলনা বিভাগীয় কমিশনার বরাবর চিঠি দেন।
তবে অভিযোগ ওঠার পর প্রায় তিন মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন সেবাগ্রহীতা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সেবাগ্রহীতা অভিযোগ করেন, সরকারি নিয়মের বাইরে বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নেওয়া হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে কাগজপত্রে ত্রুটি থাকার কথা বলা হয়। তবে অতিরিক্ত টাকা দিলে একই আবেদনের ফাইলের সমস্যা দ্রুত সমাধান হয়ে যায় বলে অভিযোগ তাদের।
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে দালালচক্রের মাধ্যমে ভূমি অফিসে সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে অভিযুক্ত কানুনগো মো. আবুল বশারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কী বলব, আপনি সহকারী কমিশনারের (ভূমি) কাছে শোনেন।’ এরপর তিনি ফোনকলটি কেটে দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী বলেন, বিষয়টি ঘটনার তিন দিন পর তার নজরে আসে। এরপরই আবুল বশারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তার জবাব সন্তোষজনক না হওয়ায় জেলা প্রশাসন বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘আমি রামপাল উপজেলা ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করতে বদ্ধপরিকর। যারা এ অপকর্মের সঙ্গে জড়িত, তাদের কোনো পরিচয় নেই—তারা অপরাধী। আমি তাদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছি এবং নেব।’
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম