গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) হল গেটের সামনে শিক্ষার্থীদের লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো শিক্ষার্থী আহত হয়নি।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে হল গেটের লিপুস ক্যান্টিনে বসে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করেন। এর একটি ককটেল গাছে লেগে হল গেটের সামনে পড়ে যায়। অন্যটি হল গেটের ভেতরে শিক্ষার্থীদের বসার স্থানের পাশে পড়ে বিস্ফোরিত হয়।
ঘটনার পরপরই ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
হল গেটের নিরাপত্তায় থাকা এক আনসার সদস্য বলেন, ‘শিক্ষার্থীরা গেটের পাশে বসে ছিলেন। তখন দুজন ব্যক্তি মোটরসাইকেলে ঘোনাপাড়া দিক থেকে এসে দুটি ককটেল নিক্ষেপ করেন। গাছের আড়ালে থাকায় তাদের দেখতে পাইনি। একটি ককটেল গাছে লেগে পড়ে যায়, অন্যটি বিস্ফোরিত হয়। কিছুটা দূরে বিস্ফোরিত হওয়ায় কোনো শিক্ষার্থী আহত হয়নি।’
তিনি আরও বলেন, মোটরসাইকেলটি লালচে-খয়েরি রঙের ছিল। পরে তারা যেদিক দিয়ে এসেছিলেন, সেদিকেই দ্রুত চলে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিব বলেন, শিক্ষার্থীরা ক্যান্টিনে বসে গল্প করছিলেন। এ সময় দুজন ব্যক্তি শিক্ষার্থীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। আগের হামলার ঘটনায় কোনো শাস্তি না হওয়ায় হামলাকারীরা আবারও সাহস পেয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি দিন দিন বাড়ছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আরিফুল ইসলাম বলেন, ‘২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে টহল দিচ্ছিলাম। অনুষ্ঠানে স্থানীয় তিনজন সংসদ সদস্য বিশ্ববিদ্যালয়ে আসবেন—এ বিষয়টি বিবেচনায় নিয়ে ক্যাম্পাসে টহল দেওয়া হচ্ছিল। এ ঘটনার কথা জানতে পেরে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই এবং পুলিশকে খবর দিই।’
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামনে একটি অস্থায়ী পুলিশ বক্স স্থাপন এবং সারারাত পুলিশি টহলের ব্যবস্থা করা হচ্ছে।
ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল. কম