ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুবকর সিদ্দিক (২৬) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের এক যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে শ্রীরামপুর এলাকায় ঢাকাগামী ‘একেএইচ ইকো অ্যাপারেলস’-এর একটি স্টাফ বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরিচাগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক আবুবকর সিদ্দিক মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাভার্ডভ্যান থেকে নিহত চালকের মরদেহ উদ্ধার করেন।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
গোলড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জয়নুল বলেন, ‘চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি শনাক্ত করে চালককে আটকের জন্য পুলিশি অভিযান চলছে।’
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তুলি আক্তার/ অনাইনল ডেস্ক / যোগফল. কম