আবু নাঈম রিপন | নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে কিউআরটি (QRT) টিম।
বুধবার (৭ অক্টোবর) নরসিংদী সদর থানাধীন বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গ্রেপ্তার ২২ জনের মধ্যে ৩৪ ও ১৫১ ধারায় চালানযোগ্য ১৬ জন, ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৪ জন, মাদক মামলায় ১ জন এবং জিআর ওয়ারেন্টভুক্ত ১ জন রয়েছেন।
অভিযানকালে পুলিশ বিভিন্ন আলামতও উদ্ধার করে। এর মধ্যে রয়েছে দুটি চাপাতি, একটি লোহার রড, একটি ব্লেড এবং ৫০ লিটার বাংলা মদ।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ আরও জানায়, অপরাধমুক্ত ও নিরাপদ নরসিংদী গড়ে তুলতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
যোগফল | অনলাইন | নিউজ ডেস্ক