ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে পরীক্ষা শুরু হওয়ার কিছু সময় পর তা স্থগিত করা হয়। এ ঘটনার প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, টেকনিক্যাল মোড়সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন পরীক্ষার্থীরা।
পরীক্ষা স্থগিতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পরীক্ষার্থীরা প্রশ্ন ফাঁসের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। তাদের অবরোধের কারণে মিরপুর সড়ক, মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউসহ আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষসহ সাধারণ যাত্রীরা।
মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং মোড়ে বগুড়া থেকে পরীক্ষা দিতে আসা মো. শাহাদাত হোসেনের সঙ্গে কথা হয়। তবে তার বক্তব্য বিস্তারিতভাবে জানা যায়নি।
এদিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আন্দোলনরত পরীক্ষার্থীদের পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো—প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা, দূরদূরান্ত থেকে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়া এবং আগামী ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া।
দাবি বাস্তবায়নের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন অবরোধকারী পরীক্ষার্থীরা।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ কথা বলেছে। তারা কয়েকটি দাবি জানিয়েছে। আন্দোলনকারীদের বাইরে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও সতর্ক রয়েছে পুলিশ।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম