ফেনীর পরশুরামের বক্সমাহমুদ বাজারে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাতে আগুনে গোডাউনসহ ১৯টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় দুই কোটি টাকার মালামাল ও ব্যবসার পুঁজি নষ্ট হয়েছে। সর্বস্ব হারিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানো নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন নুরুল আমিন (রবিন), মাইফুল, নিজাম উদ্দিন, আবদুল কাদের (মিনার), মোস্তফা, সামছুল হক, মিন্টু, আবুল খায়ের ও এমরান হোসেনসহ অনেকে। এসব দোকানের আয় দিয়েই চলত তাদের পরিবারের সংসার। ব্যবসার মালামাল ও পুঁজি হারিয়ে এখন পরিবার নিয়ে কীভাবে চলবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধারণা, একটি মুদি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই আগুন ছড়িয়ে পড়ে এবং বেশির ভাগ দোকান পুড়ে যায়।
পরশুরাম ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
বক্সমাহমুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন মিনার বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় অনেক দোকান আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া বলেন, হঠাৎ এভাবে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা করা হচ্ছে।
বারবার আগুনে ক্ষতিগ্রস্ত বাজার
বক্সমাহমুদ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। এর আগে ২০২৫ সালের ২৩ জুলাই রাত সাড়ে ৩টার দিকে বাজারের গোলাম আজম মার্কেটে আগুনে বীজ, চা ও মুদি দোকানসহ আটটি দোকান পুড়ে যায়।
এরও আগে ২০২১ সালের ১৮ এপ্রিল রাতে মামুন ও জসিম পাটোয়ারী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওষুধ, মুদি, আসবাব ও স্বর্ণের দোকানসহ অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়।
একের পর এক অগ্নিকাণ্ডে ব্যবসার পুঁজি হারিয়ে বিপাকে পড়ছেন বাজারের ব্যবসায়ীরা। সর্বশেষ আগুনে ১৯টি দোকান পুড়ে যাওয়ায় তাদের সংকট আরও গভীর হয়েছে। বারবার এমন ক্ষয়ক্ষতির ঘটনায় বাজারের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ভবিষ্যতে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানোর কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা সামনে এসেছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম