যোগফল প্রতিবেদক:
সন্তানের অবহেলায় বাড়িছাড়া পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের অসহায় মা মুন্নি খাতুনের আজীবন ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নিয়েছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান। সামাজিক যোগাযোগমাধ্যমে মা ও ছেলের বিরোধের ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি এ উদ্যোগ নেন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে সাঁথিয়া পৌরসদরে মুন্নি খাতুনের বোনের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন ডা. আহমেদ মোস্তফা নোমান। এ সময় তিনি ওই মায়ের আজীবন ভরণপোষণ ও চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন এবং তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তাও প্রদান করেন।
ডা. আহমেদ মোস্তফা নোমান পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। পাশাপাশি তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার সদস্যসচিব।
এর আগে বৃহস্পতিবার সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মা ও ছেলের মধ্যে ভরণপোষণসংক্রান্ত একটি শুনানির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, নাগডেমরা ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশ হিসেবে কর্মরত ছেলে সাগর তার মাকে নিজের সঙ্গে রাখতে অস্বীকৃতি জানাচ্ছেন। মাকে সঙ্গে রাখার বিষয়ে চাপ দেওয়া হলে তিনি আত্মহত্যার হুমকি দেন এবং মাসিক ভরণপোষণের অর্থ নির্ধারণ করে দেওয়ার কথা বলেন।
সাঁথিয়ার ইউএনও সেলিম আহমেদ ছেলেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য কয়েক দিন সময় দিলেও ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
ভিডিওটি দেখে ব্যথিত হন ডা. আহমেদ মোস্তফা নোমান। এরপর তিনি নিজ উদ্যোগে পাবনা থেকে সাঁথিয়ায় গিয়ে অসহায় ওই মায়ের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে ডা. আহমেদ মোস্তফা নোমান জানান, ফেসবুকে ভিডিওটি দেখার পর দেরি না করে অসহায় মায়ের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, একজন সন্তান যখন নিজের মাকে অবহেলা করে দূরে ঠেলে দিয়েছেন, তখন আরেক সন্তান হিসেবে ডা. নোমান তার সব খরচের দায়িত্ব নিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অসহায় মায়ের ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নেওয়ার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন ও মানবিক মানুষরা।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম