মো: সজিব | গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ও হাওড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (১০ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, রাজেন্দ্রপুর ও আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমাতে যমুনা ও হাওড় এক্সপ্রেসের স্টপেজ চালু করা জরুরি। এ দুটি ট্রেন রাজেন্দ্রপুর স্টেশনে থামলে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, সেনানিবাসে যাতায়াতকারী ব্যক্তি এবং সাধারণ যাত্রীরা সহজে গন্তব্যে পৌঁছাতে পারবেন।
তাঁদের অভিযোগ, রাজেন্দ্রপুর স্টেশনে ট্রেন দুটির যাত্রাবিরতি না থাকায় যাত্রীদের বিকল্প স্টেশন ব্যবহার করতে হচ্ছে। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। জনসংখ্যা বৃদ্ধি ও এলাকার যাতায়াতের চাহিদা বিবেচনায় নিয়ে দ্রুত এ সমস্যার সমাধান করা প্রয়োজন বলে তাঁরা মনে করেন।
বক্তারা আরও বলেন, রাজেন্দ্রপুর ও আশপাশের এলাকায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন। অথচ গুরুত্বপূর্ণ এ স্টেশনে ট্রেন দুটির যাত্রাবিরতি না থাকায় রেলসেবা গ্রহণে সীমাবদ্ধতা তৈরি হয়েছে। জনদুর্ভোগ কমাতে এবং যাত্রীসেবার পরিধি বাড়াতে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া উচিত।
এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে নেতৃত্ব দেন রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নাজমুল হুদা শাহীন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য ও শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মশিউর রহমান লিটন, সাবেক ইউপি সদস্য সুরুজ মিয়া, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আলী আজগর, ইউপি সদস্য মোহাম্মদ আলী শেখ, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির নূরুল ইসলাম, জামায়াতের ওয়ার্ড সেক্রেটারি ওসমান শেখ, শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম নয়ন, বিএনপি নেতা নূরুল ইসলাম ফকির, সিরাজ উদ্দিন, আ. রশিদ পলান, ইসলাম ফকির, ভাওয়াল বদরে আলম কলেজের সাবেক ছাত্রনেতা বাসির খান, আ. মান্নান শেখ, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির আবু বক্কর সিদ্দিক এবং ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধন শেষে বক্তারা রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে যমুনা ও হাওড় এক্সপ্রেসের যাত্রাবিরতি চালুর দাবিতে রেলওয়ে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এতে রাজেন্দ্রপুর ও আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।