যোগফল প্রতিবেদক:
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, এ হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে ধর্মীয় সফরে যাওয়া যাত্রী থাকার আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি।
রোববার (১১ অক্টোবর) এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক সেলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা ও শোক জানানো হয়।
বিবৃতিতে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে এনসিপি।
একই সঙ্গে হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জরুরি সহায়তা প্রদান, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং বিমান চলাচলে বিঘ্নের কারণে আটকে পড়া হজ-ওমরাহযাত্রীসহ সব যাত্রীর প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে বাংলাদেশ ও সৌদি আরব সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
বিবৃতিতে এনসিপি আরও বলেছে, বেসামরিক নাগরিক, ধর্মীয় সফরে যাওয়া যাত্রী এবং বেসামরিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ে।
এ ছাড়া আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং আঞ্চলিক উত্তেজনা নিরসনে জরুরি কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেছে দলটি।
এনসিপি মনে করে, ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা প্রদান এবং আটকে পড়া যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম