মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা ও কাজিপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৮ লাখ ১০ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ফেনসিডিল, ভারতীয় মদ ও বিভিন্ন ধরনের ওষুধজাতীয় ট্যাবলেট।
রোববার (১১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দুটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২১ বোতল ভারতীয় ফেনসিডিল, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ১ হাজার ৪৩০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৩৭ হাজার ৪০০ টাকা।
এর আগে, একই রাতে রাত সাড়ে ১২টার দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর হাজীপাড়ায় অভিযান চালায় বিজিবির আরেকটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৭৩ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, দুটি অভিযানে মোট ২১ বোতল ফেনসিডিল, ৪৯ বোতল ভারতীয় মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ও ১ হাজার ৪৩০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব মাদকদ্রব্যের মোট আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ১০ হাজার ৯০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক চোরাচালান নির্মূলে বিজিবির নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ বিষয়ে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর থাকবে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্তের নিরাপত্তা বজায় রাখা এবং মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম