নিজস্ব প্রতিবেদক:
শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে গুলি, ছিনতাই ২ কোটি ৩০ লাখ টাকা
গাজীপুরের শ্রীপুরে বিকাশের ডিস্ট্রিবিউটরের টাকাবাহী প্রাইভেটকারের পথরোধ করে গুলি চালিয়ে ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা করেছেন ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের মালিক। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রোববার (১১ অক্টোবর) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শ্রীপুরে বিকাশের ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড’-এর মালিক মো. মাহমুদুল হাসান মামুন বাদী হয়ে শনিবার দিবাগত রাতে শ্রীপুর থানায় মামলাটি করেন। মামলায় ছিনিয়ে নেওয়া টাকার পরিমাণ ২ কোটি ৩০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।
পুলিশ ও প্রতিষ্ঠানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, তাঁদের প্রতিষ্ঠান শ্রীপুরে বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাক কারখানার শ্রমিকদের বেতন পরিশোধের চাপ থাকায় নগদ টাকার সংকট দেখা দেয়। এ পরিস্থিতিতে বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের ডিস্ট্রিবিউটর হজরত আলী মুন্সীকে ব্যালেন্স দিয়ে নগদ ৪ কোটি টাকা সংগ্রহ করা হয়।
তিনি জানান, তিনটি প্লাস্টিকের বস্তায় রাখা ওই টাকা একটি প্রাইভেটকারে করে মাওনা চৌরাস্তার কার্যালয়ে নেওয়া হচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছালে কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পথরোধ করে। এ সময় তারা গাড়ির অ্যাকাউন্টস ম্যানেজারকে লক্ষ্য করে গুলি চালায়। পরে প্রাইভেটকারের পেছনে রাখা তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ঘটনার পর প্রথমে প্রায় ৩ কোটি টাকা ছিনতাই হয়েছে বলে ধারণা করা হয়েছিল। পরে গাড়িতে অবশিষ্ট বস্তার টাকা গণনা করে ১ কোটি ৭০ লাখ টাকা পাওয়া যায়। সে হিসাবে ছিনিয়ে নেওয়া দুটি বস্তায় ছিল ২ কোটি ৩০ লাখ টাকা।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি। ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে শ্রীপুর থানা-পুলিশ, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ, এসআরবি ও পিবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল . কম