গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে মমেলা বেগম (৪০) ও দুলেনা বেগম (৪৫) নামে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে মোট ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার মমেলা বেগমের বিরুদ্ধে মাদকসংক্রান্ত ২০টি মামলা রয়েছে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় টঙ্গীর হিমারদিঘি ব্যাংকের মাঠ এলাকার মাদক বস্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মমেলা বেগম ওই এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী। অপরদিকে দুলেনা বেগম একই এলাকার চুন্নু মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংকের মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মমেলা বেগমের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই অভিযানে তাঁর সহযোগী হিসেবে পরিচিত দুলেনা বেগমের কাছ থেকে আরও চার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, “মমেলা বেগমসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মমেলা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্যসংক্রান্ত ২০টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে মাদক কারবার চালিয়ে আসছিলেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে।”
ওসি আরও জানান, গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম