জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের তিন দিন পর রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার বাট্টাজোড় এলাকায় বকশীগঞ্জ-রৌমারী মহাসড়কের পশ্চিম পাশের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে নিহতের স্বামী ইয়াকুব আলী পলাতক রয়েছেন বলে জানা গেছে।
নিহত রোজিনা আক্তার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচর এলাকার ওয়াজেদ আলীর মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পর স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন রোজিনা। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
সোমবার ভোরে বকশীগঞ্জ-কামালপুর সড়কের পশ্চিম পাশের একটি ঝোপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে গিয়ে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রোজিনা আক্তারের বলে শনাক্ত করেন।
খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়িসহ চারজনকে আটক করা হয়েছে। তবে কীভাবে রোজিনার মৃত্যু হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম