যোগফল প্রতিবেদক:
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে হাসপাতালটিতে এ অভিযান শুরু হয়। রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, দালাল চক্রের মাধ্যমে রোগীদের বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে পাঠানো, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগে অর্থ আত্মসাৎ এবং সরকারি ওষুধ বাইরে বিক্রির মতো অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মুস্তাফিজ জানান, হাসপাতালটির বিরুদ্ধে পাওয়া একাধিক সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ের অনুমতি নিয়ে এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়েছে।
অভিযানকালে দুদক কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও প্রশাসনিক শাখা পরিদর্শন করেন। পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করা হয়।
হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, দুদকের তদন্ত কার্যক্রমে হাসপাতাল ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
সহকারী পরিচালক মুস্তাফিজ বলেন, চলমান অভিযানের অংশ হিসেবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। অভিযানে যেসব তথ্য ও অনিয়মের বিষয় পাওয়া যাবে, সেগুলো তুলে ধরে ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম