নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
সোমবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি।
তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ চিঠির মাধ্যমে আমদানি-রপ্তানি বন্ধ রাখার বিষয়টি জানিয়েছে। ভারতের পেট্রাপোল বন্দরে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পণ্য পরিবহন বন্ধ থাকবে। অন্যদিকে, বাংলাদেশে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকায় এ সময় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ১৮ ও ১৯ অক্টোবর বন্দরে পণ্য ওঠানো-নামানো, খালাস ও শুল্কায়ন কার্যক্রম স্বাভাবিক থাকবে। এ সময় ভারতীয় ট্রাকচালকেরা পণ্য খালাসের পর খালি ট্রাক নিয়ে নিজ দেশে ফিরে যেতে পারবেন। আগামী ২৫ অক্টোবর সকাল থেকে বন্দরের মাধ্যমে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বন্দর সূত্রে জানা গেছে, বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ ট্রাক পণ্য আমদানি হয়। অন্যদিকে, বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় প্রায় ১০০ ট্রাক পণ্য। শিল্পের কাঁচামালসহ বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানিতে বন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে পেট্রাপোল বন্দরে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ২৫ অক্টোবর থেকে পুনরায় কার্যক্রম শুরু হবে। তবে দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাঠানো হলে বিশেষ ব্যবস্থায় তা খালাস করা হবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল বাড়তে পারে। এ জন্য ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম