যোগফল প্রতিবেদক:
চট্টগ্রামের ফটিকছড়িতে তিন বছর বয়সী শিশু হালিমা আক্তারকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার আসামি আসমা আক্তার (২০)। শিশুটি বিভিন্ন সময় ঢিল ছুড়ত ও কামড় দিত—এতে বিরক্ত হয়ে তাকে হত্যা করেছেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন আসমা।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ।
নিহত হালিমা আক্তার ফটিকছড়ি উত্তর উপজেলার দাতমারা ইউনিয়নের নিচিন্তা গ্রামের বেকারিওয়ালা নাছির উদ্দীনের মেয়ে।
অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ জানান, এ ঘটনায় গ্রেপ্তার আসামি আসমা আক্তার চট্টগ্রাম আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
জবানবন্দিতে আসমা উল্লেখ করেন, বিভিন্ন সময় শিশু হালিমা তাকে ঢিল ছুড়ত ও কামড় দিত। এতে বিরক্ত হয়ে তিনি শিশুটিকে হত্যা করেন। হত্যার পর রাতের অন্ধকারে মরদেহটি নিহতের বাড়িতে রেখে আসার পরিকল্পনা ছিল তার। তবে এর আগেই পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।
যেভাবে উদ্ধার হয় শিশুর মরদেহ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে নাশতা শেষে বাড়ি থেকে বের হয় শিশু হালিমা। বাড়ি থেকে বের হওয়ার প্রায় এক ঘণ্টা পর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শিশুটির বাড়ি থেকে প্রায় ১৫০ ফুট পূর্বে প্রতিবেশী আব্দুল আওয়ালের ঘরে আলনার পেছনে কাপড়ে মোড়ানো অবস্থায় রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরদিন রোববার রাতে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে হালিমাকে দাফন করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী আব্দুল আওয়াল (৬৫), তার মেয়ে আসমা আক্তার (২০) ও রবিউল (১৬) নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত শিশুর বাবা নাছির উদ্দীন বাদী হয়ে তিনজনকে আসামি করে ভুজপুর থানায় মামলা করেন। পরে রোববার (১১ অক্টোবর) আসামিদের আদালতে পাঠানো হলে আসমা আক্তার হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাবার
নিহত হালিমার বাবা নাছির উদ্দীন বলেন, “তার কোনো ক্ষোভ থাকলে আমাদের বলতে পারত। আমার তিন বছরের শিশু কী বোঝে? আমরা এ ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, ঘটনার দিন শিশু হালিমাকে নির্মমভাবে হত্যা করে আলনার পেছনে কাপড়ে মুড়িয়ে রাখা হয়েছিল। সেখান থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম