নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনরায় জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক আবু শামীম আজাদ তাঁর আবেদন মঞ্জুর করেন।
এজাহার সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা এ মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে এক নম্বর আসামি করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমান।
মামলাটিতে এজাহারনামীয় আসামির সংখ্যা ৯৯ জন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন আইভী। এ সময় তাঁকে ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না’ বলতেও শোনা যায়।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং মেয়র আইভীর পুনরায় জামিনের দিন ধার্য ছিল। তাঁরা আদালতে পুনরায় জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম