মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তারের পর নেত্রকোনার মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হীরাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদলের জরুরি সভায় আব্দুল বারী আকন্দ হীরাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মদন পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান বলেন, বিষয়টি জেলা ছাত্রদলকে জানানোর পর সভায় তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে আব্দুল বারীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে মদন পৌরসভার ফচিকা টিএনটি রোড এলাকায় অভিযান চালিয়ে আব্দুল বারী আকন্দ হীরাসহ চারজনকে আটক করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ইয়াবা ও গাঁজা সেবনের অভিযোগ রয়েছে। মঙ্গলবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম