সিরাজগঞ্জের রায়গঞ্জে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেছেন মা। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার পরপরই মায়ের মৃত্যু হয়। পরে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় মা ও ছেলেকে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে বেতুয়া গ্রামের মৃত আব্দুল হামিদ সরকারের দ্বিতীয় ছেলে সাইফুল সরকার (৫৯) মারা যান। তার মৃত্যুর পর পরিবারের সদস্য ও স্বজনেরা শোকে ভেঙে পড়েন। পরে দুপুর ১টার দিকে সাইফুলের মরদেহ বাড়ি থেকে স্থানীয় কবরস্থানে নেওয়া হয়।
এরপর দুপুর সোয়া ১টার দিকে মারা যান তার মা তারা বানু (৭৭)। ছেলের মৃত্যুর শোকেই মায়ের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।
এক ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম শুরু হয়। পরে বেতুয়া দক্ষিণপাড়া কবরস্থানে মা ও ছেলেকে পাশাপাশি দাফন করা হয়।
ধুবিল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম