রাজবাড়ীর কালুখালীতে বসতঘর থেকে ২১৫ গ্রাম গাঁজাসহ মো. হাসেম মণ্ডল (৬৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলী।
এর আগে, সোমবার (১২ অক্টোবর) উপজেলার সাওরাইল ইউনিয়নের ভিটি গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। হাসেম মণ্ডল ওই গ্রামের মৃত নবু মণ্ডলের ছেলে। তিনি সাওরাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে অধিদপ্তরের একটি আভিযানিক দল কালুখালী উপজেলার ভিটি গ্রামে অভিযান চালায়। এ সময় হাসেম মণ্ডলকে তাঁর নিজ দখলীয় বসতঘরে অবস্থানরত অবস্থায় আটক করা হয়। পরে তাঁর দেহ ও বসতঘর তল্লাশি করে ২১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে হাসেম মণ্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেছেন।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলী বলেন, ‘অভিযান চালিয়ে গাঁজাসহ তাঁকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কালুখালী থানায় মামলা করা হয়েছে।’
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম