লক্ষ্মীপুরের রায়পুরে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চার্জে লাগিয়ে গেম খেলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রুবেল হোসেন (৩৪) ও শাকিল আহমেদ (২৭) নামে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে রুবেলের দুই চোখের আঘাত অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত রুবেল হোসেন ওই ইউনিয়নের কবির হোসেনের ছেলে এবং শাকিল একই এলাকার আব্দুল মতিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই যুবক একসঙ্গে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন। এ সময় ফোনটি চার্জে লাগানো ছিল। হঠাৎ বিকট শব্দে ফোনটি বিস্ফোরিত হলে তাঁরা দুজনই আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন মনজু জানান, রুবেলের চোখ ও মুখমণ্ডলে গুরুতর আঘাত লেগেছে। বিস্ফোরণে তাঁর চোখের ভেতরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে, শাকিলকে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সোনাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল্লাহ আল মামুন জানান, মোবাইল ফোন চার্জে লাগিয়ে গেম খেলার সময় এ দুর্ঘটনা ঘটেছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে মোবাইলের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম