কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে অনিশ্চয়তার মুখে পড়া দুই কন্যাশিশু ইসরাত ও রোজা মনির পরিবারের পাশে দাঁড়িয়েছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। শিশু দুটির পরিবারের জীবিকা নির্বাহে সহায়তা করতে একটি গাভী উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। গাভী পালন ও দুধ বিক্রির মাধ্যমে পরিবারটি নিয়মিত আয়ের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।
গত ১১ অক্টোবর দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ বাজার এলাকায় রোজ গার্ডেন মডেল স্কুলসংলগ্ন সড়কের পাশে পাঁচ বছর বয়সী ইসরাত ও তার দেড় বছর বয়সী ছোট বোন রোজা মনিকে একা কাঁদতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
ইসরাতের ভাষ্য অনুযায়ী, চিপস কিনে দেওয়ার কথা বলে তাদের সেখানে নিয়ে আসেন মা। পরে শিশু দুটিকে একা রেখে চলে যান তিনি। দীর্ঘ সময় অপেক্ষা করেও মাকে ফিরে না পেয়ে অসহায় অবস্থায় পড়ে দুই বোন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর মাধ্যমে শিশু দুটির পরিচয় শনাক্ত করা হয়। খবর পেয়ে তাদের এক চাচি ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় শিশু দুটিকে নিজের জিম্মায় নেন তিনি।
শিশু দুটির এমন পরিস্থিতির খবর জানার পর তাদের পরিবারের জীবিকা নির্বাহে সহায়তার উদ্যোগ নিয়েছে স্বপ্ন। প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত অনুযায়ী, পরিবারটিকে একটি গাভী উপহার দেওয়া হবে। এর মাধ্যমে গাভী পালন ও দুধ বিক্রি করে নিয়মিত আয়ের একটি উৎস তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
স্বপ্নের এই উদ্যোগ শিশু দুটির লালন-পালন, পারিবারিক আর্থিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
স্বপ্ন মনে করে, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করাও সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে তাদের পরিবারের পাশে দাঁড়ানো প্রয়োজন।
ইসরাত ও রোজা মনির পরিবারের জন্য নেওয়া এই উদ্যোগের মাধ্যমে তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা প্রতিষ্ঠানটির।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম