নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জেলার রাজনৈতিক অঙ্গন। আদালত প্রাঙ্গণে স্লোগান দেওয়ার ঘটনার পর রাতে আইভীর দুই আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, স্লোগানের প্রতিবাদে আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। সমাবেশ থেকে আইভীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তার বাড়ি নিয়ে হুমকিমূলক বক্তব্যও দিয়েছেন বিএনপির এক নেতা।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থি আইনজীবী ফোরামের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, তার ভাই আতিকুল ইসলাম এবং আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষার।
পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে জিয়াউল ইসলাম কাজল ও তার ভাই আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই রাতে দেওভোগের পাক্কা রোড এলাকার গার্মেন্টস গলি থেকে গ্রেপ্তার করা হয় অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষারকে।
পুলিশ জানায়, ফতুল্লা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়। আদালত রিমান্ড আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।
আদালত প্রাঙ্গণে আইভীর স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দেয়। এর ধারাবাহিকতায় বুধবার দুপুরে বিএনপিপন্থি আইনজীবীরা আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতার অভিযোগ তুলে আইভীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু অভিযোগ করেন, আইভীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, আইভী যদি বারবার এভাবে নিষিদ্ধ সংগঠনকে সংগঠিত করার স্পর্ধা দেখান, তাহলে তার ‘হোয়াইট হাউস’ নামে পরিচিত বাড়ির একটি ইটও রাখা হবে না।
এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান বলেন, প্রত্যেকের আইনগত অধিকারের বিষয়টি বিবেচনায় নিয়ে আইভীর বিরুদ্ধে বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে এই ভদ্রতার সুযোগ নিয়ে নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনকে সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
আদালত প্রাঙ্গণে স্লোগান দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, আদালতপাড়ায় নিষিদ্ধ সংগঠনের স্লোগান দেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ফতুল্লা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ আদালতে সশরীরে হাজির হন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। মামলাটিতে তিনি এজাহারভুক্ত ১১ নম্বর আসামি। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর ওই দিন মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও তার পুনরায় জামিনের বিষয়ে দিন ধার্য ছিল।
শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় আইভীকে ঘিরে ছিলেন তার নেতাকর্মী ও সমর্থকেরা। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা না বলে গাড়িতে ওঠার আগে তিনি বলেন, ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না, জয় বাংলা।’ তার সঙ্গে উপস্থিত নেতাকর্মীরাও একই স্লোগান দেন। এরপর গাড়িতে উঠে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম