মনজুরুল ইসলাম । সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সাম্প্রতিক সময়ে গরু চুরি ও ডাকাতির উপদ্রব রোধে স্থানীয়দের নিয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অপরাধপ্রবণতা কমাতে বিভিন্ন প্রবেশমুখে বাঁশকল (ব্যারিকেড) স্থাপন এবং গ্রামবাসীর সমন্বয়ে নৈশ পাহারার ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এই নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশি টহল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে গভীর রাতে বেলকুচিতে উপস্থিত হন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
১৩ অক্টোবর মঙ্গলবার দিবাগত গভীর রাতে বেলকুচির বিভিন্ন পয়েন্টে স্থাপিত এসব প্রতিরোধ ব্যবস্থা এবং পুলিশি টহল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেন পুলিশ সুপার। এ সময় তিনি পাহারায় নিয়োজিত স্থানীয় সাধারণ মানুষ ও নৈশ প্রহরীদের সঙ্গে কথা বলেন এবং তাদের এই সচেতনতামূলক সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, "সাধারণ মানুষের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের এই সম্মিলিত সামাজিক প্রতিরোধ অপরাধীদের অপতৎপরতা রুখতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে।"
এ সময় তিনি মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কিছু সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন। এর মধ্যে রয়েছে—
গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগস্থলগুলোতে সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার রাখা। অপরিচিত যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের সময় তাৎক্ষণিক তল্লাশি চালানো। কোনো ধরনের অপ্রীতিকর বা সন্দেহজনক ঘটনা নজরোমাত্র দ্রুত নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করা।
বাঁশকল ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের সময় পুলিশ সুপারের সঙ্গে সঙ্গীয় পুলিশ ফোর্স এবং বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান উপস্থিত ছিলেন।
পুলিশ সুপারের এই আকস্মিক উপস্থিতি এবং বাঁশকল স্থাপনের উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এই কঠোর পদক্ষেপে এলাকায় নিরাপত্তার অনুভূতি ফিরে এসেছে এবং চোর-ডাকাতদের দৌরাত্ম্য অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশাবাদী।