পাবনা প্রতিনিধি:
পাবনায় প্রেমের ফাঁদে (হানি ট্র্যাপ) ফেলে অপহরণের শিকার এক ব্যক্তিকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ ঘটনায় মূল পরিকল্পনাকারী নারী পলি খাতুনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অপহরণে ব্যবহৃত একটি সিএনজি ও ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া চার হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর সকালে মো. কারিবুর মুঠোফোন মেরামতের জন্য পাবনা শহরে যান। পরে দুপুরে তিনি ছেলেকে ফোন করে জানান, তাঁকে শহরের শাপলা প্লাস্টিক মোড়ে ডেকে নিয়ে আটকে রাখা হয়েছে। মুক্তির জন্য ৫০ হাজার টাকা দাবি করা হচ্ছে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মো. কামরুল মন্ডল পাবনা সদর থানায় অভিযোগ দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাবনা থানাধীন শ্রীপুর বাজার এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে ডিবি পুলিশ। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।
পরে ধারাবাহিক অভিযান চালিয়ে ঘটনার মূল পরিকল্পনাকারী পলি খাতুনকেও গ্রেপ্তার করা হয়।