বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন কোরীয় প্রতিনিধি মুনজে কিউন। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তিনি বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতী এলাকায় ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দলটি বায়তুল লতিফ জামে মসজিদ, বিএসটিআই ইনস্টিটিউট, স্বপ্ননীড় এতিম ও বৃদ্ধ নিবাস এবং ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে। পরে বাগেরহাট শহরের নতুন কোর্টের সামনে অবস্থিত স্কিল-আইটি প্রশিক্ষণকেন্দ্রে গিয়ে প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন তারা।
এদিন দুপুরে জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সঙ্গে সাক্ষাৎ করেন কোরীয় প্রতিনিধি মুনজে কিউন। এ সময় বাগেরহাটের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এরপর প্রতিনিধি দলের সদস্যরা রাখালগাছি ইউনিয়ন ও মধুদুয়া মাধ্যমিক বিদ্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন। বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় শিক্ষার্থীরা কোরীয় ভাষায় সংগীত পরিবেশন করলে মুগ্ধ হন প্রতিনিধি দলের সদস্যরা। শিক্ষার্থীদের কোরীয় ভাষা শেখার আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেন মুনজে কিউন।
এ সময় কোরীয় ভাষা শিখলে শিক্ষার্থীদের তার দেশে চাকরির সুযোগ দেওয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি। তার এ আগ্রহ শিক্ষার্থীদের মধ্যে কোরীয় ভাষা শেখার উৎসাহ আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম বাবলু, মেজর (অব.) জিহাদ, প্রকল্প পরিচালক মো. উলিউল্লাহ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী নজরুল ইসলাম কাজল, ফ্রি মেডিকেল ক্যাম্পের সমন্বয়ক রুহুল আমিন বাবু, বোরহানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম