এম এ হাই । পাবনা জেলা প্রতিনিধি:
সাঁথিয়া পৌরসভার উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা,স্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বাড়াতে পাবনার সাঁথিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাঁথিয়া পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এলজিইডির সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল “আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ।
র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ। অনুষ্ঠানে সাঁথিয়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল নাহিদ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও সাঁথিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল মালেক, সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাই, সাঁথিয়া পৌর জামায়াতের আমির হাফেজ আব্দুল গফুর, এনসিপির সাঁথিয়া উপজেলা আহ্বায়ক বকুল হোসেন, বিএনপি নেতা সাইফুল ইসলাম এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
নিয়মিত হাত ধোয়ার অভ্যাস বিভিন্ন জীবাণুবাহিত রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। তাই সুস্থ ও পরিচ্ছন্ন সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার মাধ্যমে নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব।