বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান
যোগফল প্রতিবেদন:
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ‘কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা: হিসাব, নিরীক্ষা ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ ও পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট-২০০৬’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, বিকেলে সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “একটি প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি ও সাফল্য নিশ্চিত করতে আর্থিক ব্যবস্থাপনা ও আর্থিক সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি শিক্ষকদেরও আর্থিক বিধি-বিধান ও নিয়মকানুন সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন।” তিনি পরিকল্পিত বাজেট প্রণয়ন, ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, সরকারি অর্থের দক্ষ ও সাশ্রয়ী ব্যবহার এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, “আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নৈতিকতা, জবাবদিহি ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার বিকল্প নেই।” প্রশিক্ষণে অর্জিত জ্ঞান পেশাগত কাজে যথাযথভাবে প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট সবার অভিজ্ঞতা, আন্তরিকতা, সদিচ্ছা ও অঙ্গীকার সম্মিলিতভাবে কাজে লাগানো গেলে বিশ্ববিদ্যালয়ে আর্থিক সুশাসন প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি সম্ভব হবে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রমে অংশগ্রহণ এবং নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক এবং স্কুল অব বিজনেস এর অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। তিনি বলেন, “হিসাব ব্যবস্থাপনা, নিরীক্ষা, আর্থিক শৃঙ্খলা, সরকারি অর্থের যথাযথ ব্যবহার এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ ও পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট-২০০৬-এর প্রয়োগসংক্রান্ত প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তাদের আর্থিক ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন, আর্থিক প্রতিবেদন প্রস্তুত ও বিশ্লেষণ, নিরীক্ষা কার্যক্রম, সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং অনিয়ম প্রতিরোধে পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সম্ভব হবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ে সুশাসন ও আর্থিক শৃঙ্খলা জোরদার হওয়ার পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনায় স্থিতিশীলতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে।”
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, পরিচালক (ভারপ্রাপ্ত), অর্থ ও হিসাব বিভাগ এবং জনাব মিয়া মোঃ মনিরুজ্জামান, যুগ্ম-পরিচালক (অডিট) ও অডিট সেল প্রধান, বাউবি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সায়মা আহমদ। এছাড়াও প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন প্রশাসন বিভাগের যানবাহন শাখার যুগ্ম-পরিচালক মোঃ হারুনূর রশিদ এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিসংখ্যানবিদ তানজিনা আক্তার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন তালুকদার। দুই দিনব্যাপী (১৪–১৫ অক্টোবর ২০২৬) এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল, বিভাগ ও আঞ্চলিক কেন্দ্রের মোট ৫২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।