শোয়েব হোসেন । ঢাকা:
শ্রেণিকক্ষের তাত্ত্বিক শিক্ষাকে বাস্তব জীবনের প্রয়োগে রূপ দেওয়ার প্রত্যয়ে রাজধানীর খিলক্ষেত এলাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ব্লুমিং সান স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ‘বিজ্ঞান মেলা-২০২৬’।
কোমলমতি শিক্ষার্থীদের বৈজ্ঞানিক চেতনায় উদ্বুদ্ধ করা এবং তাদের সুপ্ত মেধা ও অনুসন্ধিৎসু মন বিকাশের লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ এই আনন্দঘন মেলার আয়োজন করে।
অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের সভাপতি এ. টি. এম. জসিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, “পুঁথিগত বিদ্যার চেয়ে বাস্তব জীবনে বিজ্ঞানের উপযোগিতা বুঝতে পারাই প্রকৃত শিক্ষা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক মনস্তত্ত্ব গঠনে বড় ভূমিকা রাখে।” উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের তৈরি অসাধারণ সব প্রকল্প দেখে মুগ্ধতা প্রকাশ করেন।
মেলায় ক্ষুদে বিজ্ঞানীরা পরিবেশ সুরক্ষা, বিকল্প শক্তি ও জীবনবিজ্ঞানের জটিল নানা বিষয় সহজভাবে ফুটিয়ে তোলে। বৈশ্বিকন জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় 'গ্রিন হাউজ ও পরিবেশ সুরক্ষা', ভবিষ্যৎ জ্বালানি সংকট মোকাবিলায় 'বিকল্প বিদ্যুৎ উৎপাদন' এবং রসায়নের ব্যবহারিক রূপ হিসেবে 'তড়িৎ বিশ্লেষণ ও আধুনিক প্রয়োগ' প্রকল্পগুলো সকলের বিশেষ নজর কাড়ে।
এছাড়াও পরিবেশবান্ধব আধুনিক নগর পরিকল্পনার বার্তা নিয়ে 'টেকসই শহরায়ণ', উদ্ভিদের খাদ্য তৈরির কৌশল ভিত্তিক 'আলোক ও অন্ধকার পর্যায়' এবং জনস্বাস্থ্য রক্ষায় 'সুষম খাদ্য ও পুষ্টি সচেতনতা' বিষয়ক তথ্যবহুল প্রজেক্ট প্রদর্শিত হয়।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক জনাব আসিফ ইশতিয়াক এবং প্রধান শিক্ষক জনাব এইচ এম সাইফুল ইসলামের বলিষ্ঠ নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এই বিজ্ঞান মেলা সফলভাবে সম্পন্ন হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই মেলা শিক্ষার্থীদের বৈজ্ঞানিক অগ্রযাত্রায় এক নতুন দিগন্ত সূচনা করল।