কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্য হলেন এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, মাদক উদ্ধারের কাজে থানার ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় গিয়েছিলেন। এ সময় নতুন কনস্টেবল রোহিত রাস্তা চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় প্রবেশ করেন।
পরে স্থানীয় মাদক কারবারিরা তাকে আটক করেন। কনস্টেবল রোহিতকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরানকেও আটক করা হয়। এরপর মাদক কারবারিরা দুজনকে বিএসএফের হাতে তুলে দেন বলে জানান ওসি।
তিনি আরও বলেন, আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম